ইরানি তেল কেনায় চীনের রিফাইনারির ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা
আন্তর্জাতিক ডেস্ক
/ ৪৩
Time View
Update :
শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬
Share
ছবি-সংগৃহীত
ইরানি তেল কেনার অভিযোগে চীনের হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারির ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র। গত শুক্রবার (২৪ এপ্রিল) মার্কিন অর্থ মন্ত্রণালয় এই নিষেধাজ্ঞা ঘোষণা দেয়। খবর রয়টার্সের।
মার্কিন অর্থ মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই রিফাইনারিটি ইরানের তথাকথিত স্বাধীন ‘টিপট রিফাইনারি’গুলোর একটি, যারা ‘ইরানের তেল অর্থনীতিকে টিকিয়ে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘হেংলি পেট্রোকেমিক্যাল রিফাইনারি ইরানের অন্যতম বড় ক্রেতা, যারা অপরিশোধিত তেল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্য মিলিয়ে ইরান থেকে কয়েক বিলিয়ন ডলারের তেল কিনেছে।
মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট বলেন, এই নিষেধাজ্ঞাগুলো ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ‘ইকোনমিক ফিউরি’ অভিযানের অংশ। এসব নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে, মার্কিন অর্থ মন্ত্রণালয় যাদের তালিকাভুক্ত করেছে তাদের যুক্তরাষ্ট্রে থাকা সব সম্পদ ও স্বার্থ জব্দ করা বা আটকে দেয়া।
ওয়াশিংটনে চীনের দূতাবাস তাৎক্ষণিকভাবে মন্তব্যের অনুরোধে সাড়া দেয়নি বলে জানিয়েছে রয়টার্স। তবে চীন বলে আসছে, তারা দেশগুলোর বিরুদ্ধে অবৈধ একতরফা নিষেধাজ্ঞার বিরোধী।
এর আগে গত বছর ইরানের তেল কেনার অভিযোগে ট্রাম্প প্রশাসন আরও তিনটি ‘টিপট রিফাইনারি’র ওপর নিষেধাজ্ঞা দিয়েছিল। রিফাইনারিগুলো হলো হেবেই জিনহাই কেমিক্যাল গ্রুপ, শানডং শৌগুয়াং লুকিং পেট্রোকেমিক্যাল এবং শানডং শেংসিং কেমিক্যাল।