কুমিল্লার দাউদকান্দিতে বলেশ্বর পরিবহণ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে একজন নিহত এবং ১৫ জন আহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ১২টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি উপজেলার রায়পুর এলাকায় চট্টগ্রামমুখী লেনে এ দুর্ঘটনা ঘটে। নিহত বাস যাত্রী বজলু মিয়া (৬০) পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার হালতা গ্রামের বাসিন্দা।
মঙ্গলবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার।
হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাত ১২টার দিকে বলেশ্বর পরিবহন নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। এ সময় আহত হন আরও ১৫ জন। আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি ইকবাল বাহার বলেন, ঝড় বৃষ্টিতে বলেশ্বর পরিবহণের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে জলাশয়ে পড়ে যায়। এতে ঘটনাস্থলে এক যাত্রীর মৃত্যু হয়েছে। ফায়ার সার্ভিস এবং পুলিশ বাসটিকে উদ্ধার করে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হয়েছে।