কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে উল্লেখযোগ্য পরিমাণ ভারতীয় ইস্কাফ সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) রাত আটটার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্ত এলাকায় মাদকবিরোধী অভিযান চালায়।
লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) সূত্রে জানা যায়, মাদক পাচারের বিশ্বস্ত গোয়েন্দা তথ্যের ভিত্তিতে শিমুলবাড়ী বিওপি’র টহলদল বৃহস্পতিবার রাত আনুমানিক আটটার দিকে শিমুলবাড়ী মাঠ নামক স্থানে অভিযান চালায়। অভিযান পরিচালনাকালে কতিপয় সন্দেহজনক ব্যক্তির গতিবিধি লক্ষ্য করে বিজিবি সদস্যরা তাদের ধাওয়া করলে চোরাকারবারীরা তাদের সঙ্গে থাকা মালামাল ফেলে দিয়ে দৌড়ে সীমান্ত অতিক্রম করে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায়। ফলে কোনো চোরাকারবারীকে আটক করা সম্ভব হয়নি।
পরে ফেলে রাখা মালামাল তল্লাশী করে বিজিবি সদস্যরা ১৪৬ বোতল ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার করে। উদ্ধারকৃত সিরাপের আনুমানিক সিজার মূল্য ৫৮,৪০০/- টাকা।
এ বিষয়ে লালমনিরহাট ব্যাটালিয়ন (১৫ বিজিবি) এর কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী ইমাম, পিএসসি বলেন, দেশের যুবসমাজকে মাদকমুক্ত রাখতে বিজিবি সর্বদা সতর্ক ও প্রস্তুত রয়েছে।
মাদক পাচার রোধে সীমান্তের স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে বিজিবি’র গোয়েন্দা নজরদারি ও টহল তৎপরতা আরও জোরদার করা হয়েছে। বিজিবি আরও জানায়, সংশ্লিষ্ট চোরাকারবারীদের তথ্য সংগ্রহপূর্বক তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।