চট্টগ্রাম নগরীতে হামের উপসর্গ নিয়ে একদিনে আরও ৩২ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। ভর্তিকৃত শিশুদের সবাই নগরীর বাসিন্দা। রোববার (১৯ এপ্রিল) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। একই দিনে ২২ শিশু সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ১০২ জন। তবে ঢাকা থেকে রিপোর্ট না আসায় নতুন করে হাম আক্রান্তের কোনো তথ্য জানাতে পারেনি সিভিল সার্জন কার্যালয়।
এদিকে চট্টগ্রাম নগরী ও উপজেলায় মোট হাম আক্রান্তের সংখ্যা ৪১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে নগরীতে ২৬ জন এবং উপজেলায় ১৫ জন শনাক্ত হয়েছে। সর্বশেষ শনিবার উপজেলায় আরও দুই শিশুর শরীরে হাম শনাক্ত হয়।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, রোববার একদিনে নতুন করে ৫৪ জনের নমুনা সংগ্রহ করে ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এ নিয়ে চট্টগ্রাম থেকে মোট ৪৬৭ জনের নমুনা পাঠানো হয়েছে। এর মধ্যে নগরীর ৩৪৪ জন এবং উপজেলার ১২৩ জনের নমুনা রয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, হাম ও রুবেলা অত্যন্ত সংক্রামক ও বিপজ্জনক রোগ, যা শিশুদের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এ রোগ ও এর জটিলতা থেকে শিশুদের রক্ষা করতে সঠিক সময়ে টিকা দেওয়া অত্যন্ত জরুরি। আমাদের প্রধান লক্ষ্য হচ্ছে জেলার অন্তত ৯৫ শতাংশ শিশুকে হাম-রুবেলা টিকার আওতায় আনা।