ভোলার সদর উপজেলায় ২ কেজি ওজনের একটি ইলিশ ৮ হাজারের বেশি টাকায় বিক্রি হয়েছে। বুধবার (২৬ নভেম্বর) সকালে ধনিয়া ইউনিয়নের তুলাতুলি মাছঘাটের একটি আড়তে মাছটি নিলামে বিক্রি হয়। জেলে জামাল উদ্দিন মাঝি জানান, চারজন জেলেকে নিয়ে আজ ভোরে ছোট একটি ট্রলারে তিনি মেঘনা নদীতে মাছ ধরতে যান। পরে সকাল সাড়ে নয়টার দিকে মাঝনদীতে জাল ফেলে একটি রাজা ইলিশসহ ৪টি বেলকা (জাটকা) ইলিশ পান। পরে এসব মাছ বিক্রির জন্য ঘাটে ফিরে আসেন।
ইলিশটি নিলামে ৮ হাজার ২১০ টাকায় কিনে নেন জসিম উদ্দিন ব্যাপারী নামের এক ব্যক্তি। তুলাতুলি মাছঘাটে আড়তদারের সরকার মো. শরীফুল ইসলাম বলেন, বেশি দামে বিক্রির উদ্দেশ্যে মাছটি ঢাকায় নেবেন জসিম উদ্দিন। অন্য চারটি জাটকা প্রতিটি ৭৮০ টাকায় বিক্রি হয়েছে।
ভোলা জেলার মৎস্য অধিদপ্তরের কর্মকর্তা ইকবাল হোসাইন গণমাধ্যমকে বলেন, এখন নদীতে ইলিশ মাছ ওঠার কথা নয়। এ থেকে জেলেদের বোঝা উচিত জাটকা সংরক্ষণ কতটা জরুরি।