প্রতীকী ছবি
পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত হয়েছেন। এ সময় আহত অবস্থায় আরেক ডাকাতকে আটক করে পুলিশে দিয়েছেন স্থানীয়রা। শনিবার (২২ নভেম্বর) রাত আড়াইটার দিকে সদর উপজেলার পশ্চিম দূর্গাপুর গ্রামের সাবেক ইউপি সদস্য অনুকূল চন্দ্র রায় ওরফে দুলালের বাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে।
নিহতের পরিচয় পাওয়া যায়নি। তবে আটক সবুজ হাওলাদারের (৫৫) বাড়ি বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি গ্রামে বলে জানিয়েছে পুলিশ।
সদর থানার উপপরিদর্শক মোল্লা রমিজ জাহান জুম্মা জানান, খবর পেয়ে পুলিশের একটি টহল টিম পশ্চিম দূর্গাপুর গ্রাম থেকে আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে পিরোজপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক একজনকে মৃত বলে ঘোষণা করেন।