ভারতের লোকসভায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীকে ঘিরে নতুন করে বিতর্ক তৈরি করেছেন বিজেপি সাংসদ ও অভিনেত্রী কঙ্গনা রনৌতে। তার অভিযোগ, সংসদে রাহুল গান্ধীর আচরণ নারী সাংসদদের জন্য অস্বস্তিকর। এদিকে কঙ্গনার বক্তব্যকে ‘অশ্রদ্ধাজনক’ ও ‘মনোযোগ পাওয়ার চেষ্টা’ বলে আখ্যা দিয়েছেন কংগ্রেস নেতারা।
বুধবার সংসদ ভবনের বাইরে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে কঙ্গনা বলেন, “রাহুল গান্ধীর আচরণ খুবই অস্বস্তিকর, বলা যায় টাপরির (বখাটে) মতো।”
এ সময় কঙ্গনা আরও কড়া ভাষায় রাহুলকে ‘লজ্জার’ বলেও মন্তব্য করেন, যা রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়ায়।
তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ জ্যোতিমনি সেন্নিমালাই বলেন, তারকা হওয়া বা ভালো পোশাক পরা কাউকে ভালো মানুষ প্রমাণ করে না। তার মতে, রাহুল গান্ধী সম্পর্কে মন্তব্য করার মতো অবস্থান কঙ্গনার নেই।
কঙ্গনার বক্তব্যের সমালোচনা করে পাঞ্জাব কংগ্রেস সভাপতি অমরিন্দর সিং রাজা ওয়ারিং বলেন, সংসদকে চলচ্চিত্রের স্টুডিও মনে করা ঠিক নয়। তার মতে, কঙ্গনা বারবার রাহুলকে আক্রমণ করছেন কেবল আলোচনায় থাকতে।
এর আগেও বিভিন্ন ইস্যুতে বিতর্কিত মন্তব্য করে সমালোচিত হয়েছেন কঙ্গনা। কংগ্রেস একাধিকবার তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছে। তবে এসব সমালোচনা সাধারণত উড়িয়ে দেন কঙ্গনা। তার দাবি, জনগণের সমর্থনই তার মূল শক্তি। সূত্র: ইন্ডিয়া টুডে ও ক্লারিওন ইন্ডিয়া