ইরানে গত জানুয়ারিতে সরকারবিরোধী আন্দোলনের সময় দুই পুলিশ কর্মকর্তাকে হত্যার দায়ে দণ্ডিত তিন বিক্ষোভকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। বৃহস্পতিবার (১৯ মার্চ) ইরানের বিচার বিভাগীয় সংবাদসংস্থা মিজানের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।
বিচার বিভাগ জানায়, তাদের বিরুদ্ধে হত্যা এবং ‘খোদার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা’ করার অভিযোগ প্রমাণিত হয়েছে, যার মধ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের পক্ষে কাজ করার অভিযোগও অন্তর্ভুক্ত ছিল।
এই সরকারবিরোধী আন্দোলনটি মূলত অর্থনৈতিক দুরবস্থার প্রতিবাদ হিসেবে শুরু হলেও পরবর্তীতে তা বর্তমান ইরান সরকারের বিরুদ্ধে দেশব্যাপী গণআন্দোলনে রূপ নেয়।
যুক্তরাষ্ট্রভিত্তিক হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্টস নিউজ অ্যাজেন্সির (এইচআরএএনএ) তথ্য অনুযায়ী, এই বিক্ষোভে প্রায় ৬ হাজার ৪৮৮ জন বিক্ষোভকারী নিহত হয়েছেন।
এইচআরএএনএ জানায়, ইরানি নিরাপত্তা বাহিনীর কঠোর দমন-পীড়নের পর তারা এখনও প্রায় ১১ হাজার ৭৪৪টি মামলা পর্যালোচনা করছে।
সূত্র- বিবিসি