ভুল তথ্য দিয়ে সরকার গঠনের স্বপ্ন দেখছে একটি দল: আসিফ মাহমুদ
- আপডেট সময় : ০৪:৫২:৫২ অপরাহ্ন, রবিবার, ৮ ফেব্রুয়ারী ২০২৬ ৬ বার পড়া হয়েছে

ভুল তথ্য দিয়ে একটি দল সরকার গঠনের স্বপ্ন দেখছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র ও নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
রবিবার (৮ ফেব্রুয়ারি) সকালে ঢাকার বাড্ডার ডিআইটি প্রজেক্টের খেলার মাঠে ১১ দলীয় ঐক্যের নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।
এনসিপির এই মুখপাত্র বলেন, “অনেকেই নির্বাচনের সময় সরকার গঠনের স্বপ্ন দেখছে। কিন্তু প্রত্যেক জেলায় জেলায় গিয়ে ভুলভাল বলছেন। নীলফামারীতে মেডিকেল থাকা সত্ত্বেও সেখানে মেডিকেল করে দেবেন বলছেন। কুমিল্লায় যেখানে ৩৫ বছর ধরে ইডিজেড রয়েছে সেখানে ইপিজিড করে দেবেন বলছেন। ময়মনিসংহে যেখানে ভুট্ট চাষ হয় সেখানে বলছেন সয়াবিনের চাষ হয়। আপনার যেই দেশ এবং দেশের মানুষের সমস্যার কথা জানেনই না, তাহলে কীভাবে স্বপ্ন দেখেন এ দেশকে মুক্তি দেওয়ার।”
তিনি বলেন, “৫ আগস্টের মত ১২ তারিখের পরও দেশের রাজনৈতিক পটপরিবর্তন ঘটবে। তবে সেটি ইতিবাচক না নেতিবাচক সে সিদ্ধান্ত নিতে হবে জনগণকে।”
সাবেক এ উপদেষ্টা বলেন, “একটি দল প্রকাশ্যে ১২ তারিখের পর থেকে চাঁদাবাজির ঘোষণা দিচ্ছে। তাদেরকে ভোটের মাধ্যমে প্রত্যাখ্যানের আহ্বান জানাই।”
আসিফ মাহমুদ বলেন, “জনগণকে সিদ্ধান্ত নিতে হবে, অলিগলি থেকে উঠে আসা, রাজপথ থেকে উঠে আসা, গণঅভ্যুত্থান থেকে উঠে আসা নতেৃত্বের রায় দেবেন, নাকি বিদেশে আরাম আয়েশে বেড়ে ওঠা, আপনার আমার কথা যারা জনেন না তাদের পক্ষে রায় দেবেন।”













