সুপ্রিমকোর্ট সচিবালয়, জাতীয় মানবাধিকার কমিশন, গুম প্রতিরোধসহ চারটি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছায়ের সিদ্ধান্ত নিয়েছে সরকার। মঙ্গলবার দুপুরে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সংসদ-সদস্যদের সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। এছাড়া সভায় এই অধ্যাদেশগুলো এখন পাশ না হলেও পরবর্তীতে তা সংশোধন বা সংযোজন-বিয়োজন করে সংসদ বিল আকারে উত্থাপন করা হতে পারে। তাই এসব অধ্যাদেশ সম্পর্কে বক্তব্য, বিবৃতি, নোটিশ দিতে সতর্ক থাকতে হবে বলে নির্দেশনা দিয়েছেন সংসদনেতা। প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে সরকারদলীয় সভাকক্ষে সভা হয়।
সরকারদলীয় একজন সংসদ-সদস্য যুগান্তরকে বলেন, ১৩৩টি অধ্যাদেশের মধ্যে জাতীয় মানবাধিকার কমিশন, গুম, উচ্চ আদালতের সচিবালয় এবং বিচারপতি নিয়োগসংক্রান্ত চারটি অধ্যাদেশ অধিকতর যাচাই-বাছাই করে পাশ করা হবে। সেক্ষেত্রে তাদের এসব বিল নিয়ে দলের অবস্থান কী তা নিয়ে আলোচনা হয়েছে। এছাড়া চলতি অধিবেশনের ১৩৩ অধ্যাদেশ, বিভিন্ন বিল, বিভিন্ন বিধি ও রাষ্ট্রপতির ভাষণের আলোচনায় কেউ কাউকে কটাক্ষ করে বক্তব্য দান থেকে বিরত থাকার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
এর বাইরে সরকারদলীয় সংসদ-সদস্যদের সঠিক সময়ে সংসদে উপস্থিত থাকা, আক্রমণাত্মক কিংবা ভুল তথ্য দিয়ে বক্তব্য না দেওয়া, তথ্যভিত্তিক বক্তব্য রাখতেও নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।
সরকারদলীয় একাধিক সংসদ-সদস্য জানান, প্রধানমন্ত্রী সভায় কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়েছেন। কারো নাম উল্লেখ না করে তিনি সংসদে অসত্য তথ্য উত্থাপন না করার নির্দেশনা দিয়েছেন। সভা সূত্রে জানা যায়, সংসদে কোনো আক্রমণাত্মক বক্তব্য না দিয়ে গঠনমূলক বক্তব্য দিতে বলেছেন সংসদনেতা। এছাড়া যে যে বিষয়ে দায়িত্বশীল তাকেই সে বিষয়ে কথা বলতে হবে। বিশেষ করে যার যতটুকু বক্তব্য কিংবা পয়েন্ট উত্থাপন করা প্রয়োজন তিনি ততটুকুই দেবেন। অতিরিক্ত বক্তব্য কিংবা মন্তব্য করা যাবে না। এমন কি সংসদে কোনো অসত্য তথ্য উত্থাপন করা যাবে না। কারণ অসত্য তথ্য উত্থাপন করলে অন্য কারও কথা বলার সুযোগ তৈরি হবে। জানতে চাইলে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান বলেন, প্রধানমন্ত্রীর সভাপতিত্বে সরকারদলীয় সংসদ-সদস্যদের সভা হয়। আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেছি। সংসদে বিলগুলো পাশের ক্ষেত্রে সবার ইতিবাচক ভূমিকা রাখা এবং সবাই যেন যথাসময়ে সংসদ অধিবেশনে উপস্থিত থাকেন সে বিষয়ে গুরুত্বারোপ করা হয়েছে।