রাজু বদ্দি, বেনাপোল প্রতিনিধি
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা) আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী কেন্দ্রীয় বিএনপির সাবেক দপ্তর সম্পাদক মফিকুল হাসান তৃপ্তির বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ করেছেন স্থানীয় বিএনপি নেতা ইদ্রিস আলী।
অভিযোগ সূত্রে জানা গেছে, সোমবার (২৯ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে শার্শা মিনি স্টেডিয়ামে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে উচ্চ শব্দে মাইক বাজিয়ে সমাবেশ ও গণসংযোগ করেছেন বিএনপির বিদ্রোহী প্রার্থী মফিকুল হাসান তৃপ্তি। এ সময় তার সঙ্গে থাকা নেতাকর্মীদের স্লোগান দিতে দেখা যায়।
এদিকে তফসিলভুক্ত নির্বাচনী আচরণবিধি অনুযায়ী, কোনো সংসদ সদস্য প্রার্থী ভোট গ্রহণের কমপক্ষে তিন সপ্তাহ আগে প্রকাশ্য সভা, মিছিল, স্লোগান কিংবা গণসংযোগসহ কোনো ধরনের নির্বাচনী প্রচারণা চালাতে পারবেন না। এ নিয়মের ব্যত্যয় ঘটায় বিষয়টি নিয়ে এলাকায় আলোচনা ও সমালোচনার সৃষ্টি হয়েছে।
আচরণবিধি লঙ্ঘনের বিষয়ে গণমাধ্যমকর্মীরা জানতে চাইলে শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা ফজলে ওয়াহিদ বলেন- এটা আচরণবিধি লঙ্ঘন হয় কিনা আমি একটু শিওর হয়ে নিই। তবে এটা নির্বাচনী আইনের মধ্যে পড়ে না। যদি আচরণবিধি লঙ্ঘন হয়ে থাকে তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আমি অলরেডি এ বিষয়টি জেলা প্রশাসককে জানিয়েছি। এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি।